নড়াইলে আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

Shahrier Islam Pallab
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা এলাকায় এক নারীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী বাদি হয়ে গত ১ অক্টোবর অভিযুক্ত ওই ব্যক্তিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি প্রহলাদ খান জেলার লোহাগড়া উপজেলার  লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ওই নারী জরুরী প্রয়োজনে নড়াইল জেলা শহরে আসেন।কাজ শেষে তিনি বাড়ি ফেরার সময় পূর্ব পরিচিত প্রহলাদ খানের সাথে দেখা-সাক্ষাত হয়। পূর্ব পরিচিত হওয়ায় প্রহলাদ খানের সাথে বাড়ি ফেরার পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে প্রহলাদ তার অসুস্থ আত্মীয় গোলাম মোস্তফাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন ওই নারীকে। সরল বিশ্বাসে ওই নারী প্রহলাদের সঙ্গে দুপুর ৩টার দিকে তালতলার গোলাম মোস্তফার বাড়িতে গেলে একটি কক্ষে বসতে দিয়ে কোন কিছু বুঝে ওঠার আগে ওই কক্ষের দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।নারীকে ধর্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।