নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Sanchoy Biswas
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় লিটার বাংলা মদসহ কবির উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কবির উদ্দিন করিমগঞ্জ উপজেলার খোঁজার গাঁও এলাকার বাসিন্দা। তিনি হাজী আবদুর রশিদ মেম্বারের ছেলে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নিকলী থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদের নির্দেশে এসআই সাগর বিশ্বাস ও এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় কবির উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, ‘ইয়াবা একটি ভয়াবহ মাদক। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়াচ্ছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, ‘কিশোরগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নিকলীতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ঠাঁই নেই।’

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।