উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি

Shahrier Islam Pallab
রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধ ওই দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: হাজীগঞ্জ বড় মসজিদ ওয়াকফ এস্টেট নিয়ে অপপ্রচার

এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের উলিপুর  উপজেলার  সাহেবের আলগা ইউনিয়নের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

আরও পড়ুন: কুলাউড়ায় সরকারি জায়গা দখলের চেষ্টা, যুবককে ১৫ দিনের কারাদণ্ড

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

এ প্রতিবেদককে মোবাইল ফোনে  সোমবার সন্ধ্যায়  কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি তবে দই খাওয়া সীমান্ত  এলাকাটি উলিপুর উপজেলায় অন্তর্ভুক্ত।