২০ বছর পূর্তিতে ৯ শহরে অরিজিৎ সিংয়ের ভারত সফর
সংগীতজীবনের দুই দশক পূর্তি উপলক্ষে বড় আয়োজন নিয়ে ফিরছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভারতের নয়টি শহরে কনসার্ট করবেন তিনি। এটি এখন পর্যন্ত অরিজিৎ সিংয়ের অন্যতম বড় ভারত সফর হতে যাচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৯ জানুয়ারি আহমেদাবাদে শুরু হবে এই সফর। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে পারফর্ম করবেন তিনি। সফরের শেষ দিকে ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দ্রাবাদে মঞ্চে উঠবেন এই গায়ক।
আরও পড়ুন: চেক বাউন্স মামলায় সময়সীমা মিস, রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ
দুই দশকের সংগীতজীবন উদযাপনের এই আয়োজনে অরিজিৎ সিংয়ের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। দর্শকদের জন্য থাকবে তার বহুল শ্রোতাপ্রিয় **‘তুম হি হো’, ‘আগর তুম সাথ হো’, ‘চান্না মেরেয়া’**সহ আরও বেশ কিছু গান।
এই সফর প্রসঙ্গে অরিজিৎ সিং বলেন, ২০ বছরের সংগীতযাত্রার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তার এই দীর্ঘ পথচলায় শ্রোতাদের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তিনি। ভারতের বিভিন্ন শহরে গিয়ে সরাসরি দর্শকদের সঙ্গে সেই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্যও তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।
আরও পড়ুন: নিউইয়র্কে প্রথমবার মুসলিম চলচ্চিত্র উৎসব
টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় আয়োজিত এই কনসার্টগুলো বড় পরিসরের স্টেডিয়াম শো হিসেবে পরিকল্পনা করা হয়েছে। এতে থাকবে বহুস্তরীয় মঞ্চ, বর্ধিত রানওয়ে, বড় পর্দা, উন্নতমানের অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি ও আলোকসজ্জা। দর্শকদের আরও কাছাকাছি গিয়ে পারফর্ম করার সুযোগও থাকবে অরিজিতের।
উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে প্লেব্যাক গায়কি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। এরপর এবার তার এই বৃহৎ ভারত সফরের ঘোষণা সামনে এলো।
২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পান অরিজিৎ। পরবর্তী সময়ে ‘তুম হি হো’, ‘গেরুয়া’, ‘চান্না মেরেয়া’, ‘কেসারিয়া’, ‘আপনা বনা লে’, ‘চালেয়া’ ও ‘সাজনি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি ভারতীয় সংগীতাঙ্গনের অন্যতম পরিচিত কণ্ঠে পরিণত হন।





