কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বাগত ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার একডালা গ্রামের সুরাইল মোড়ে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গাওসুল আজমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সঞ্চালনায় ১০ অক্টোবর, শনিবার বিকেলে ‘স্বাগত ও শুভেচ্ছা অনুষ্ঠান’ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২: কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর)। তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সার্বিক দিক দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তিনি বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
বিশেষ অতিথি ছিলেন মিসেস নাজমা আরা বারী। তিনি বিদ্যালয়টির অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেখে আবেগে আপ্লুত হন এবং তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে পাশে থাকবেন বলে উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. গাওসুল আজম ও সহকারী শিক্ষক নাসরিন নাহার এমপিওভুক্তসহ জাতীয়করণের দাবি জানিয়ে বক্তব্য দেন।
আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
এ সময় বিশেষ অতিথি কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলসহ, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বকুল ও উক্ত বিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীগণ, অভিভাবকগণ এবং সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সকল অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।





