সোনারগাঁওয়ে পারিবারিক বিরোধে বাবা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক বিরোধের জের ধরে বাবা-ছেলেসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদুল ইসলাম বাদী হয়ে আপন ভাই আব্দুল হালিমসহ চারজনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে অহিদুল ইসলামের বসতঘরের সামনে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রতিবাদের মুখে অহিদুলের ১৭ বছর বয়সী ছেলে আলভীর মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে অহিদুল (৩৮) ও তাঁর স্ত্রী আফরিনকেও (৩২) পিটিয়ে জখম করা হয়। হামলায় অহিদুলের বাম চোখ ও কান গুরুতর জখম হয়।
আরও পড়ুন: কুলাউড়া পৌর শ্রমিক দলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ভুক্তভোগী অহিদুলের দাবি, পূর্বে তাঁর বাবাকে মারধরের বিষয়ে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টার কারণে লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হালিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





