৩৯ বছর পর ‘মিস্টার ইন্ডিয়া’র পোশাকে অনিল কাপুর

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রায় চার দশক পর আবারও ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার সেই পরিচিত পোশাকে দেখা গেল বলিউড অভিনেতা অনিল কাপুরকে। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া ছবিটির শার্ট, প্যান্ট ও বিখ্যাত জ্যাকেটটি দীর্ঘ ৩৯ বছর ধরে যত্নে সংরক্ষণ করে রেখেছিলেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সেই পোশাক পরে ফিরে গেলেন স্মৃতিময় সময়ে। 

‘ইন্ডিয়া কে টপ ১%: দ্য অনিল কাপুর শো’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অভিনীত জনপ্রিয় সিনেমাটির সেই চিরচেনা সাজে হাজির হন অভিনেতা। এ সময় তিনি জানান, এত বছর পরও পোশাকগুলো তাঁর গায়ে ঠিকঠাকভাবে মানিয়ে গেছে।   

আরও পড়ুন: প্রান্তর-ইউমনার ‘এভাবেও প্রেম আসে’, দেখা যাবে আগামীকাল

অনিল কাপুর বলেন, শার্ট,প্যান্ট ও জ্যাকেট—সবই ৩৯ বছর পরও তার গায়ে ঠিকমতো হচ্ছে। অনুষ্ঠানের আয়োজকেরা ‘মিস্টার ইন্ডিয়া’র আসল পোশাকটি ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলে তিনি জানান, এত দিন পোশাকটি নিজের কাছেই যত্ন করে রেখেছিলেন।

পোশাকটির পেছনের গল্প জানাতে গিয়ে অভিনেতা আরও একটি মজার তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ছবিতে ব্যবহৃত বিখ্যাত জ্যাকেটটি মুম্বাইয়ের চোর বাজার থেকে কিনেছিলেন। পুরোনো ও ব্যবহৃত জিনিসপত্রের জন্য পরিচিত এই বাজার থেকেই কেনা হয়েছিল পর্দায় তাঁর স্মরণীয় উপস্থিতির অন্যতম অনুষঙ্গটি।

আরও পড়ুন: বইয়ের পাতায় উঠে আসছে আজিজুল হাকিমের অভিনয়জীবন

অনুষ্ঠানে নিজের চুলের সাজ নিয়েও কথা বলেন অনিল কাপুর। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে তার চুল যেমন লম্বা ছিল, নতুন করে সেই সাজে ফিরতে চুলও সেভাবে রেখেছেন বলে জানান তিনি। 

তবে শুধু পুরোনো পোশাকে ফিরে যাওয়াই নয়, ছবিটির মূল বার্তা নিয়েও কথা বলেছেন অভিনেতা। তার মতে, ‘মিস্টার ইন্ডিয়া’র অন্যতম শিক্ষা হলো—প্রত্যেকেই নিজের জায়গা থেকে মানুষের জন্য কাজ করে নায়ক হয়ে উঠতে পারেন। কোনো পুরস্কার বা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই যারা দেশ ও সমাজের সেবা করেন, তাদের অবদানও বিশেষভাবে তুলে ধরেন তিনি। 


শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’ মুক্তি পায় ১৯৮৭ সালে। এতে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী ও অমরীশ পুরী। ছবির কেন্দ্রীয় চরিত্র অরুণ ভার্মা একটি বিশেষ যন্ত্রের সাহায্যে অদৃশ্য হওয়ার ক্ষমতা লাভ করেন। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমা গান, অভিনয় ও স্মরণীয় সংলাপের কারণে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়।


বিশেষ করে অমরীশ পুরীর অভিনীত খলনায়ক মোগাম্বো চরিত্র এবং ‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপটি আজও হিন্দি চলচ্চিত্রের স্মরণীয় অংশ হিসেবে বিবেচিত। মুক্তির প্রায় চার দশক পরও সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ যে অটুট, অনিল কাপুরের সেই পুরোনো পোশাকে ফিরে আসা যেন তারই আরেকটি প্রমাণ।