পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। ভোর ও রাতের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। তবে দিনের চিত্র একেবারেই ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরম। ফলে একই দিনে সকাল-রাতে ঠান্ডা আর দুপুরে গরমের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন জেলার বাসিন্দারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্ব উত্তরের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ
আবহাওয়ার এই পরিবর্তনে জেলার গ্রামাঞ্চলে ভোর থেকেই শীতের আবহ দেখা যাচ্ছে। ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরবিন্দু, কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। সন্ধ্যার পর ঠান্ডা বাড়তে থাকায় অনেকেই গরম কাপড় ব্যবহার করছেন। শীতের প্রস্তুতি হিসেবে ঘরের বাক্স-পেটারা থেকে বের করা হচ্ছে পুরোনো লেপ ও কম্বল।
এদিকে সকাল-রাতের ঠান্ডা এবং দিনের গরমের প্রভাবে বাড়ছে মৌসুমি অসুস্থতা। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব অসুস্থতার প্রবণতা বেশি বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশুটির সর্দি-কাশি শুরু হলে প্রথমে বাড়িতে চিকিৎসার চেষ্টা করেন। পরে অবস্থার কারণে হাসপাতালে নিয়ে আসেন।
আরেক রোগী হাবিব হাসান জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর মানিয়ে নিতে পারছেন না তিনি। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগায় চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।
ঋতু পরিবর্তনের এই সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শুধু পঞ্চগড় নয়, সারা দেশেই রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যায় প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।





