আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভালে সম্মাননা পেল বাংলাদেশের ‘নৌকাবাইচ’
কেনিয়া আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভালে (Kenya International Sports Film Festival—KISFF) সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইচকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নৌকা বাইচ (Nouka Baich)’। উৎসবটিতে ‘Honorable Mention’ অর্জন করেছে বাংলাদেশের এই প্রামাণ্যচিত্র। আন্তর্জাতিক এই স্বীকৃতির পাশাপাশি উৎসবে চলচ্চিত্রটির প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের নদীকেন্দ্রিক জীবন, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নৌকাবাইচ। এটি কেবল একটি প্রতিযোগিতামূলক খেলা নয়; বরং গ্রামীণ মানুষের ঐক্য, আবেগ, আনন্দ এবং সাংস্কৃতিক পরিচয়েরও প্রতিচ্ছবি। নৌকাবাইচকে ঘিরে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও মানুষের নানা স্মৃতি। তবে সময়ের পরিবর্তনে এই ঐতিহ্য অনেক জায়গায় হারিয়ে যেতে বসেছে।
আরও পড়ুন: মীরকে নিয়েই কি ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’?
এমন বাস্তবতায় নৌকাবাইচের ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের এই সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস থেকে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘নৌকা বাইচ’। এতে দেশের নদীমাতৃক জীবন ও লোকজ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী এই আয়োজনকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা মোহাম্মদ আতিউর রহমান।
এর প্রযোজক রেদুয়ানুল হাসান তানিম। প্রামাণ্যচিত্রটি প্রয়াত শিক্ষক মো. আব্দুর রহিম আজাদীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
আরও পড়ুন: মান্নাতে আমার কোনো সিদ্ধান্ত চলে না, কেন বললেন শাহরুখ?
কেনিয়া আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক আয়োজনে প্রামাণ্যচিত্রটির সম্মানসূচক স্বীকৃতি বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের নৌকাবাইচ, নদীকেন্দ্রিক জীবন এবং গ্রামীণ মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।





