এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই: এমপি শকু
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু কুলাউড়ার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলেন, কুলাউড়ায় আমরা উন্নয়নের ধারা শুরু করেছি। ধীরেধীরে তা বাস্তবায়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থে ত্যাগ স্বীকার করাই রাজনীতির মূল উদ্দেশ্য। রাজনীতি সব জায়গায় চলে না। এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই। আমি এমন উন্নয়ন করতে চাই যাতে মানুষ আমাকে স্মরণ রাখে। রবিবার (২২ নভেম্বর) রাতে মৌলভীবাজারের কুলাউড়া ডাকবাংলো মাঠে কুতবুল আউলিয়া শাহ সূফী আলহাজ মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এবং সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ছাতাপীরের নামকরণের তাৎপর্য তুলে ধরে এমপি বলেন, ছাতাপীর সাহেব এমন নয় যে তিনি শুধু ছাতা নিয়ে ঘুরতেন। বৃষ্টি হলে আমরা যেমন মাথার ওপর ছাতা দিই, কোনো বিপদ-আপদ হলে আমরা ছাতাপীর সাহেবের কাছে যেতাম। তিনি আমাদের সুপরামর্শ দিতেন। তিনি ছাতা পীর সাহেবের মাজারের রাস্তা ও ওয়াজ মাহফিলের মাঠ ভরাটের অনুদানের আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা এবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, উপজেলা আল ইসলাহের সহসভাপতি কাজী মখলিছুর রহমান, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, কাতার শাখার সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, স্মৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক এইচ ডি রুবেল ও পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী প্রমুখ।
সভাশেষে উপজেলার প্রায় ১৫০ জন কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
আরও পড়ুন: সাভারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার





