ময়মনসিংহে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

Shahrier Islam Pallab
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিট থেকে জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিজিবির অতিরিক্ত সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা

শিল্প পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন জানান, ময়মনসিংহে প্রায় ২৯৬টি কলকারখানা রয়েছে। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শিল্প পুলিশের সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সোমবার রাতে জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে দুই প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও করা হচ্ছে।

আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।