মেঘনা আলমকে দুদকের তলব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৮ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এই তলবি চিঠি দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করবে জামায়াত

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে বুধবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সংঘর্ষ, আহত ৪

মেঘনা আলম একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। পরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি তিনি।