ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন জেলা প্রশাসক

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সপ্তাহের প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কার্যক্রম সফল করতে সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।

আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, এমপির রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।