বরষামূখর সন্ধ্যায় চিয়ার্স উইথ ব্রাত্য রাইসু

Sanchoy Biswas
দেবদুলাল মুন্না
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবি: লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
ছবি: লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

আজ (১৯ নভেম্বর) তার মানে রাইসুর জন্মদিন। এখন সম্ভবত বিসাকের দোতলায় আড্ডা হচ্ছে। ফরহাদ মজহার ভাইয়ের সভাপতিত্বে। আমারও থাকার কথা ছিল। কিছু বলারও আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু অফিস থেকে বাসায় ফিরলাম মাত্র। কামলাজীবন।

এনিওয়ে, ব্রাত্য রাইসু আামার প্রিয় কবি।  তার আগের কবিতার চাইতে সাম্প্রতিক সময়ে লেখা নতুন নতুন কবিতা আমাকে আরও বেশি মুগ্ধ করে। একটা স্পিরিচুয়ালিটির (ধর্মীয় নয়) ভেতর নিয়ে যায়।  তার আগের কবিতাগুলোতে তিনি ভাষা নিয়ে খেলেছেন। স্যাটায়ার করেছেন। ভাংচুর। কিন্তু এখনকারগুলো  যেন আরও পরিণত। তারমানে এই নয় যে আগের কবিতাগুলো কম গুরুত্বপূর্ণ। ‘আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি’ বা ‘হালিকের দিন’—একটু খেয়াল করুন। বইয়ের নাম। তিনি যেন কবিতার খোলনলচে পাল্টে দিতে এসেছেন। 

আরও পড়ুন: ডিআরইউর সাহিত্য সম্মাননা পেলেন শামসুজ্জামান শামস

কিন্তু কি কারণ জানি না, তার কাব্যভাষা অল্প অল্প বদলেছে। এটা আমার পর্যবেক্ষণ। যেমন, এই কবিতা;


আরও পড়ুন: ফুলেল শ্রদ্ধা ও মোমবাতির আলোয় হুমায়ূন আহমেদকে স্মরণ

শৈশব নিয়ে

শুয়ে যেন কোনো জাতিস্মর

অহেতু আছে

আকাশের

তারাদের নিচে

যেন কেউ আর নাই বহু বহু দিন ধরে

সমুদ্রের পারে যেন

রোদ নাই

ছায়া নাই

অন্ধকার

যারা ছিল চলে গেছে

তোমার যাওয়ার কোনো কিছু নেই

যে যেখানে নিয়ে যাবে

নিয়ে গিয়ে ছেড়ে যাবে

তেমন থামার কোনো স্পষ্ট চিহ্ন নাই আর

অস্পষ্ট আলোর মত

তুমি অন্ধকার তুমি

যেন এই অন্ধকার বিকাল বেলায়

সময় হারায়ে গেল বেলাভূমে

বালুতটে

সমুদ্রের পারে

যেন কাশবনগুলি শুধু চেয়ে আছে

উদ্ভিদের মাতৃরূপ হয়ে

তারা সঙ্গ দেবে দূর থেকে

যেমন পানির শব্দ চারধারে

যেমন পাখির ঝাপটা

সন্ধ্যাবেলা

যেমন দিনের শুরু সন্ধ্যাবেলা

অকস্মাৎ

যেন এই ভিজা বালু

স্মরণ করছে তুমি কবে থেকে

কোথা থেকে

কখন জন্মের শুরু

কখন মৃত্যুর শুরু

শুয়ে আছো কোন সেই শতাব্দিরও আগে

যেন চাপা পড়া বালু শুধু

মৃত্যু মনে রাখে

যেন তোমার পিঠের নিচে

পায়ের তলায়

ঠাণ্ডা বালু কাদা কাদা

এ পৃথিবী জায়মান

তোমাকে জাপটে আছে

রিরংসার মত

যেন চুলের ছিটিয়ে থাকা

সমুদ্রের পার এসে

জোর করে

ভিজিয়ে দিয়েছে

তবু

তুমি শুয়ে আছো বলে

অন্য কিছু ঘটার কিছুই নেই

যেন করার কিছুই নেই

দূরে কালো সার বাঁধা পাহাড়েরা

দ্রুত যাচ্ছে চলে

বাতাসের অন্ধকার

চারপাশে প্রদক্ষিণ রত

হাওয়া জলকণা

সাজিয়ে রেখেছে

তুমি ভেসে উঠছো অতি ধীরে

যেন তুমি উঠছো না কোথাও

যেন

অন্ধকার ফুঁড়ে

আপন অক্ষ ধরে ঘুরে যাচ্ছে জীবদেহ

অনিঃশেষ

ঘুরছে না মোটেই

যেন চক্রাকার সংক্রামক

অবসন্ন কাল

আপনার তিরোভাব

নির্দেশ করেছে

এই আকাশের নিচে

এই তারকার নিচে

এই জটিল সমুদ্রবাষ্প অধ্যুষিত

বেলাভূমি ধরে

ফেলে যাওয়া পদচ্ছাপ

রয়েছে সান্ত্বনা হয়ে

যেন প্রয়োজনহীন মৃত্যু

আগুয়ান

যেন এই মৃত্যু সাবলীল, সাদা মৃত্যু

ভেজা মৃত্যু

অন্ধকারে যে কোনো মৃত্যুর মত

ইচ্ছাজাগানিয়া

শুধু যেন হাওয়া বয়

যেন আমি শুয়ে আছি

ঘুম থেকে জাগার আগেই যেন

বালুতটে, পড়ে আছি

যেন আমি আমবনে জুঁইশাখে

রয়েছি জড়ায়ে। ( জলে মৃত্যু ) 

এ কবিতা আমি মাঝেমধ্যেই পড়ি। অসাধারণ। এ কবিতার ভেতর দিয়ে আমি নিজেকে যেমন তেমন রাইসুকে দেখি। সেই রাইসু। এক দলছুট বালক, যে বাড্ডার বাসা থেকে বেরিয়ে কোনো কোনো বিকেলে অল্পদুরে মাঠে ঠিক সন্ধ্যা নামার আগে হাটতে হাটতে চলে যায় একা একা আর কিসব দেখে, তখনও আফতাবনগর এই মেট্রোপলিশ শহরে গড়ে ওঠেনি। দেখি রাইসু সেই কৈশোরেই বই পড়ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রে যাচ্ছে। তারও আগে নানুবাড়ি যাওয়া। আব্বা এসে কবে নিয়ে যাবেন সেই অপেক্ষায় থাকা। গ্রামের বিস্তৃত সবুজ দেখতে দেখতে একধরণের উদাসীনতা। ঢাকা শহরে পরিবারের সবাই থাকা সত্তেও একা একা থাকা। আম্মার মৃত্যুতে ছুটে যাওয়া বা পান্থপথের ১৮ তলার ফ্ল্যাট থেকে উল্টোদিকের স্কয়ার হাসপাতালে কোনো পেশেন্টের মৃত্যুতে আহাজারি শুনে ঘুম ভেঙে গেলে স্বগোতোক্তির মতো বলে উঠা , ‘ মা-গো , মা-রে’।

এতো সুন্দরভাবে মৃত্যু বিষয়টা সমগ্র বাংলা সাহিত্যেই আমি পড়ি নাই। 


অথবা 

অয়ি তাবাসসুম 

আপেক্ষিক দরিদ্র বন্ধু তাবাসসুম

আমার নতুন বন্ধু

আমাদের দেখা হয় নাই

তাই তার নাম তাবাসসুম

তার তো বয়েস 

নিজের মত

নিজেরে রক্ষার মত 

হয় নাই

তাই তাকে 

পিতা-মাতা 

চোখে চোখে

শাসনে বর্জনে রাখে

অর্থ দেয় না

কোনো ফোন করার

তারা তাকে শৃঙ্খলার 

মধ্য দিয়া

আমার মতন

খারাপ লোকদের থিকা দূরে রাখে

ফোন যন্ত্র ব্যবহারের মাধ্যমে 

যাতে তাবাসসুম

খারাপ কিছু না করে

খারাপ কিছু না খায়

খারাপ না ভাবনা করে

যাবতীয় খারাপময়তা থিকা

দূরে থাকতে পারে তাবাসসুম 

তাই তার পিতা-মাতা সুচিন্তিত ভাবে

ফোন দিল টাকা তো দিল না 

কেন

এসব নিয়াই 

আলাপ আগাইতে হবে

লিখিত নিয়ম

তাই ফেসবুকে আমরা 

মতামত বিনিময় করি

'দেখা' করি

আরো কত অন্য করি

আমাদের বস্তুবিশ্বে

সেই ভাবে

একেবারে

বাক্যালাপ নাই

আমরা 

ফোনে কোনো আলাপ করি না

তাই 

প্রেম নাই

কথা আছে 

না বলার মতই কথা 

আমরা বলি

আমি আর তাবাসসুম

ফেসবুকে 'লেখা' করি

অল্প অল্প

রইয়া সইয়া

ধীরে বাস চলার মতন 

কোনো স্টেশন আসার আগে 

আমরা নামি

বিশ্বের বা বিনয়ের 

অতি দূর

চায়ের দোকানে

আমাদের দেখা হয়

পরস্পরের দিকে 

আমরা তাকাই না

আমরা বিস্কুটের টিন 

কিংবা কলা ফল

ঝুলন্ত শ্যাম্পুর ছড়া

দেখতে দেখতে

অন্য কেউ দেখার আগেই 

দেখি 

পুনরায় বাসে উঠছি

আবার পর দিন আমরা

বাসে উঠব

নাকি ট্রেনে

পানির মধ্য দিয়া 

নামব না আমরা এই

পৃথিবীর তলদেশে?

আমরা বলব না কথা

আমাদের লেখ্য রীতিতে?

তোমার কী মত

তাবাসসুম,

রিপ্লাই জানাও।


এই যে তাবাসসুমদের চরিত্র, তাদের প্রতি এক কবি’র দরদ—এটি একই দিকে সুন্দর ও দুঃখের।

আমার তখন মনে পড়ে, রাইসু তার একদা এক অর্থবান আত্মীয়কে ( সম্পর্কের ভিত্তিতে, এখন নেই) স্যাটায়ার করেই ‘ স্যার ‘ বলতেন।

ফেসবুকে মানুষ বড় লেখা পড়ে না। আমি আমাদের ব্যক্তিগত স্মৃতিলাপে যাবোও না। দরকারও নেই। 

আজ রাইসুকে নিয়েই বলব। আমার কাছে বারবারই মনে হয় রাইসু কোনো চিন্তায় ‘স্থির’ থাকেন না।   

আমার ধারণা, রাইসু এমন এক ‘মানুষের’ প্রকৃত প্রস্তাব করেন যার অস্তিত্ব সম্পূর্ণভাবে সাপেক্ষ বা আকস্মিক ( Contingent) থেকে যায়। কারণ মানুষ সবসময়ই নিজেকে গড়ে তোলার কাজে ব্যস্ত এবং ক্রমাগত নিজেদের ব্যক্তিসত্তাকে ( subjectivity) বহুভাবে বদল করেছে , কারণ সমাজ ও রাষ্ট্র দ্বারা ব্যক্তিসত্তা নিয়ন্ত্রিত। এই সমালোচনামুলক সত্তাতত্ত্ব ( critical ontology) এমন কিছু সৃষ্টির প্রয়োজনীয়তাকে নিশ্চিত করে ‘যার অস্তিত্ব এখনও নেই এবং সেটা আসলে কী কখনোই জানা সম্ভব নয়।

রাইসুকে যখন এক্টিভিজমের জায়গা থেকে তার ফেসবুক পোস্টগুলো পাঠ করি তখন এমনই মনে হয়। তিনি প্রচলিত মধ্যবিত্ত রুচিকে ভাঙতে চান আবার নিজেকে ‘মধ্যবিত্ত’ এবং না বাম না ডান বরং “মধ্যপন্থী’ বলতে আগ্রহী। কিন্তু তিনি কী ‘মধ্যপন্থী’ ? এমন আমার মনে হয় না। 

তিনি দেখা যায় ‘মধ্যবিত্ত’ গোত্রের বলেই পরে দেখা যাচ্ছে বলছেন “ মধ্যবিত্তের সমাজ ব্যবস্থাপনা ছোটলোকদের আটকাইতে ভাষার দেয়াল তুইলা রাখছে। এই দেয়াল পার হইতে গেলে প্রথমে ছোটলোকের ভাষাটি ও পরে ছোটলোক নিজে রূপান্তরিত হইয়া মধ্যবিত্তে পরিণত হয়।

এই সময়ের কিছু বিপ্লবী মধ্যবিত্ত বুদ্ধিজীবীর ইনকিউবেটরে বা ডিম ফুঁটানোর যন্ত্রে ছোটলোকদের অনেক শব্দ ও ভঙ্গিমা লালিত-পালিত হইতে দেখতেছি। ,,,,

,,,, এবং মধ্যবিত্ত হওয়া মানে ছোটলোকের আর ছোটলোক না থাকা। অর্থাৎ যত দিন যাবে এনজিও ভঙ্গিমায় মধ্যবিত্ত হইয়া ওঠা ছাড়া ছোটলোকের পক্ষে মানুষ থাকাটি আর সম্ভব হবে না। আর ছোটলোক যদি ছোটলোক না থাকতে চায় তবে ছোটলোক থাকবে কারা? ইন্টেলেকচুয়ালদের মিশনারি প্রজেক্ট এগুলি। ”

মানে মধ্যবিত্ত, এনজিওবাদী ও ইন্টেলেকচুয়ালদের মিশনারি প্রজেক্ট হিসেবেও ছাড় দেননি এখানে। এই হইল রাইসু। 

অনেকে ভাবতে পারেন, এসব তার স্ট্যান্টবাজি কিন্তু প্রায় তিনদশকের পরিচয়ে আমার তেমন মোটেই মনে হয় না। 

যেমন কয়েকবছর আগে তিনি চা-শ্রমিকদের মজুরি নিয়ে যখন বিভিন্ন ফোরামে বিভিন্ন কথা হচ্ছিল, তখন লিখিতভাবে জানান, ( স্মৃতি থেকে বলছি, একটু এদিক সেদিক হতে পারে) চা শ্রমিকদের মজুরি বাড়ালে তো চা-শ্রমিকের ছেলে মেয়েরা ওই কাজই করবে। তাদেরকে তাদের লড়াইটা করতে দেন। তারা সমাজের কার্যপরিধির বিভিন্ন স্তরে উঠে আসুক। 

মানে শ্রমিকের বাচ্চা শ্রমিক থাকুক আজীবন সেটা তিনি চান নাই। এই ইচ্ছা সুন্দর। এই ইচ্ছা বামপন্থার অধিক বৈপ্লবিক। 

তারও আগে একটা পোস্টে বলেছিলেন, ভিক্ষাবৃত্তি  মানুষের ‘ইগো ‘ভেঙে দেয়। অতএব এ পেশা খুবই জরুরি।  এই যে ধনী ও দরিদ্রের মধ্যে  দরিদ্রের মধ্যে ‘ইগো ভেঙে দেওয়ার’ অভিপ্রায় এটিও বৈপ্লবিক। 

কোনো বিখ্যাত ব্যক্তিকে আমার চিনতেই হবে কেন? স্বীকৃতি দিতে হবে কেন চিনলেও ? সে জন্য তিনি শেণ ওয়ার্ণ নিয়ে বরেছিলেন, ‘তারে আমি চিনি না’ এরকম কিছু। 

তার পুরস্কার না নেওয়ার অবস্থান অবশ্যই এসমাজে বড়ো একটা ব্যাপার। কোনো ক্ষমতাবলয়কে আপোসহীনভাবে সমর্থন দেন নাই, আমার জানামতে। প্রশ্ন করেন। 

আরও বেশ উদাহরণ দেওয়া যায়, যেমন, একবার লেখলেন, 

“বিদ্যাসাগর এবং সত্যজিৎরে ভক্তি করা, ভালবাসা এক জিনিস আর তাদেরকে ভারতপন্থী ও হিন্দুত্ববাদীদের রাজনৈতিক এজেন্ডার বিষয় করা ভিন্ন ব্যাপার।

এইটা আমাদের এই পাশের বোকা লোকগুলা বুঝতে পারে না।”

তো এই যে রাজনৈতিক সচেতনতা এটা অনেকেই বুঝতে পারেন না। অনেকে মনে করেন রাইসু রবীন্দ্রনাথ বিরোধী। মোটেই তেমন মনে হয়নি আমার। তার প্রচুর লেখা হাজির করা যাবে রবীন্দ্রনাথের পক্ষে। কিন্তু ‘দেবতা’ বা ‘এজেন্ডা’ বানাতে তার আপত্তি। 

রাইসু সিরিয়াস বিষয়কে নিয়ে মজাচ্ছলে সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা বলেন। যেমন;

“ এলিট ও মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের ছাপড়ি শব্দে এত আকর্ষণ যে আমি পদবী নিলাম ছাপড়ি। আমারে এখন থিকা ডাকতে পারবেন---ব্রাত্য রাইসু ছাপড়ি।”

আমাদের সমাজে তথাকথিত বুদ্ধিজীবী যারা তাদের বেশিরভাগকেই বলতে শুনি, ক্ষমতাকে প্রশ্ন করা বুদ্ধিজীবীর কাজ।

অথচ কতো কতো বছর আগে আল বাঁদিউ বলে গিয়েছিলেন যে কথাটা  সেটি এরকম,  “ ‘কর্তা’ কোনো স্থায়ী অধিবিদ্যার সত্তা নয় যা সম্পূর্ণভাবে উপস্থিত কোনো ‘সাবজেক্টাম’( Subjectum)নয় , সে হচ্ছে ক্ষমতা ও জ্ঞানের পারস্পারিক সম্পর্কের এক দ্বন্দ্বমুখর ফলাফল। এটি এমন যে প্রতিনিয়ত গঠিত হচ্ছে আবার ভেঙেও পড়ছে। রাইসুকে লক্ষ্য করেন, তিনি বলছেন, “ক্ষমতারে প্রশ্ন করা বুদ্ধিজীবীর কাজ না। বুদ্ধিজীবীর কাজ হইল ক্ষমতারে উত্তর দেওয়ার মাধ্যমে নতুন ক্ষমতা তৈরি করা।”

রাইসু চিন্তায় একরৈখিক নন। এক জিনিসকে চারভাবে দেখার সক্ষমতা রয়েছে তার।  একটি বয়ানের ভিন্ন বয়ানও ভালই তৈরি করতে পারেন, যখন বলেন, “জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের চিন্তাটা হিন্দু জাতিভেদ প্রথা থিকা আসছে।”

 সৈয়দ মনজুরুল ইসলাম ও ব্রাত্য রাইসু  যৌথভাবে একটি উপন্যাস লেখেন। নাম, “ যোগাযোগের গভীর সমস্যা নিয়ে কয়েকজন একা একা লোক”। দৈনিক বাংলাবাজার পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশের সময় ও পরে বই আকারে বেরুনোর পর পড়েছিলাম। 

এ উপন্যাসে এক কিস্তি সৈয়দ মনজুরুল লেখতেন তো পরের কিস্তি রাইসু। মজা ছিল দুজনেই চরিত্রগুলোকে  যার যার মতো নির্মাণ করবেন। তো সৈয়দ মনজুরুল ইসলাম সম্ভবত কোনো এক কিস্তিতে জানান, ( উপন্যাসের অংশ হিসেবেই) আমি চরিত্রগুলো যেদিকে নিই রাইসু নিয়ে যায় অন্যদিকে ( স্মৃতি থেকে লেখছি। একটু আধুটু ভুল হতে পারে)।

এছাড়াও রাইসু খুব অল্প হলেও ছোটগল্প লেখেছেন। কিন্তু বই নেই। ফলে নাম সঠিকভাবে মনে পড়ছে না। তবে একটা গল্পের নাম ছিল , “পুরনো বন্ধুদের হইতে সাবধান” ( এ জাতীয় ) 

আমাদের সময়ে মানে ৯০ দশকে বিভিন্ন স্থানে আড্ডা হতো আজিজ মার্কেট ছাড়াও। যেমন ,ফরহাদ মজহারের শ্যামলীর দোতলার ডেরাসহ তীব্র আলী , রনি আহম্মেদ , সৈয়দ রিয়াজুর রশীদের বাসায়। আমার প্রথম লেখা প্রথম আলোর প্রথম যুগে  রাইসু যখন সাহিত্য সম্পাদক তখন প্রকাশ করেন । গোলাম মুরশীদের ওপর একটি সমালোচনামুলক প্রবন্ধ ছিল। 

আমাদের জীবনে আরও অনেক অনেক স্মৃতি আছে, আছে সন্ধ্যা , ধানমন্ডি লেকপাড় আছে, আছে পানশালা, আছে রক মনু , আমি ও রাইসুসহ পান্থপথের বাসায় আলু ও ডিম ভর্তা খাওয়ার বিচিত্র অভিজ্ঞতা।

হয়তো একদিন সেসব লেখব বা লেখব না। 

বাট , রাইসু ইজ গ্রেইট, চিয়ার্স, শুভ জন্মদিন।

রাইসুকে উইশ করুন।