ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল
ছবিঃ সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এর আগে একই দিন ইসলামী ব্যাংককে তারল্য সংকট মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়। তবে সেই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিলের ঘোষণা আসে।
সোমবার (১৫ জুন) তারল্য সহায়তা পাওয়ার পর ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে নিরবচ্ছিন্নভাবে অর্থ উত্তোলন করা যাবে।
তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা ও চেক নগদায়নে কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে আমানত জমা ও উত্তোলনের হার প্রায় সমান পর্যায়ে রয়েছে। গ্রাহকরা প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা জমা দিচ্ছেন এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করছেন।
এ ছাড়া প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রেরণকারীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর একটির চলমান আর্থিক পরিস্থিতি ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।





