মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, গ্রেফতার ৩

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১:২৯ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালী সাততলা বস্তি থেকে অপহৃত ৬ বছর বয়সী শিশু আতিকুলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। একইসঙ্গে বনানী এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল চেয়ারম্যান, শাজাহান ও মহিউদ্দিন মাতুব্বর। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে প্রতারণা চালিয়ে আসছিল।

আরও পড়ুন: ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফরিদুল ইসলাম বলেন, “চক্রটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের টার্গেট করত। বিভিন্ন উপায়ে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনে লোভনীয় চাকরির প্রস্তাব দিত। পরে নির্দিষ্ট স্থানে ডেকে এনে কোম্পানিতে বিনিয়োগের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।”

তিনি জানান, প্রতারণার কৌশল হিসেবে তারা অস্থায়ী অফিস ভাড়া নিয়ে সেটিকে আকর্ষণীয়ভাবে সাজাতো, যাতে ভুক্তভোগীরা সহজেই বিশ্বাস করে। টাকা নেওয়ার পরই অফিস ত্যাগ করে দ্রুত গা-ঢাকা দিত চক্রটি।

আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

ওসি আরও বলেন, “তারা ছদ্মনাম ব্যবহার করত এবং কোনো স্থানে ১০ দিনের বেশি অবস্থান করত না। প্রতারণা শেষে অফিসে থাকা আসবাবপত্র ফেলে রেখে চলে যেত, ফলে ভুক্তভোগীরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়তেন।”

একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, অপহৃত শিশু আতিকুলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতারণার শিকারদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।