আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবসে ঢাবি সাইক্লিং ক্লাবের বিশেষ সাইকেল র‍্যালি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস উপলক্ষে শান্তি, মানবতা, সাম্য, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ সাইকেল র‍্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব।

শনিবার (১৮ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণ থেকে র‍্যালির উদ্বোধন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন সাইক্লিং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ, দ্বি-চক্র গ্রুপের অ্যাডমিন তুষার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাবেক প্রশিক্ষক সাঈদ আহমেদসহ অন্যান্য সাইক্লিস্ট।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে এম নূর আলম সিদ্দিকী বলেন, নেলসন ম্যান্ডেলার জীবন মানবতা, সহনশীলতা ও মানুষের কল্যাণে নেতৃত্বের এক অনন্য উদাহরণ। তরুণদের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান বলেন, সাইক্লিং শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি সচেতন ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতীক। নেলসন ম্যান্ডেলা দিবসে এই র‍্যালির মাধ্যমে মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, পরিবেশ সংরক্ষণ এবং সুস্থ জীবনযাপারের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব সবসময় ইতিবাচক সামাজিক পরিবর্তন, পরিবেশ সচেতনতা এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবসের এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ। তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে সাইক্লিং একটি কার্যকর মাধ্যম।

আয়োজকরা জানান, র‍্যালির মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াতব্যবস্থা হিসেবে সাইক্লিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো, স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ ও পরিবেশের প্রতি সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে ভবিষ্যতেও মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।