ঢাকায় সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু ২২ আগস্ট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। আগামী ২২ আগস্ট থেকে রাজধানীর মধুমিতা সিনেমা হলে এ উৎসব শুরু হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

আয়োজকরা জানান, ঢাকার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে নগরের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসকের নির্দেশনায় গঠিত উপকমিটি ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করে ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্ধারণ করেছে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী, গীতিকার, সিনেমাটোগ্রাফারসহ বিশিষ্ট কুশলীকে সম্মাননা দেওয়া হবে।

আরও পড়ুন: সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

আগামী ২২ আগস্ট শনিবার বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি

২২ আগস্ট: সন্ধ্যা ৬টায় আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’।

২৩ আগস্ট: বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’।

২৪ আগস্ট: বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’।

২৫ আগস্ট: বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’।

২৬ আগস্ট: বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’।

২৭ আগস্ট: বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’।

২৮ আগস্ট: বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্র উৎসবের সমাপ্তি হবে।

ডিএসসিসি জানিয়েছে, ‘উৎসব, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসবের পাশাপাশি আরও বেশ কিছু নাগরিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাইকেল র‍্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকা বাইচ ও নগর পরিচ্ছন্নতা অভিযান।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি সফল করতে সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছে।