রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ভাটারায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মালিবাগে সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।

এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্যের বাসভবনসংলগ্ন চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিল দুর্বৃত্তরা

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের বাড়ি যথাক্রমে নাটোরের গুরুদাসপুর, রাজশাহীর পুঠিয়া ও গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

এ ছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

রাজধানীর ভাটারা এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাটারা থানার ওসি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ছাড়া রাত সাড়ে ১০টার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণের পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় রাত পৌনে ১২টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন।

তিনি জানান, দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে তিনটি ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে, রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকায় একই রাতে ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।