পল্লবীতে গোলাগুলি: ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫, অস্ত্র-ইয়াবা উদ্ধার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কথিত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী।

আরও পড়ুন: গুলশান বনানীর স্পা সেন্টারের নেপথ্যে জয়

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন: মানবাধিকারের আড়ালে চাঁদাবাজি: নতুন খোলসে আবারও সক্রিয় সামস চক্র

এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক পথচারী নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

ঘটনার পর ডিবি মিরপুর বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করা হয়। পরে গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে হামিদ জানান, গাড়িটি তার নামে নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক ল্যাংড়া রুবেল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে রুবেলের ব্যবহৃত একটি সাদা টয়োটা ভক্সি গাড়ি উদ্ধার করা হয়। গাড়িটির ভেতর থেকে এক হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

পরে পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানার ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ভাষ্য অনুযায়ী, এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে বলে দাবি করেছে ডিবি।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।