এলপি গ্যাসের দাম নির্ধারণ, সন্ধ্যা থেকে কার্যকর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম মে মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আজ রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: পাঁচ মাসে ৩ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের প্রেক্ষাপটে মে মাসের জন্য দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়।

গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বৃদ্ধি করে তা ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করে বিইআরসি।

আরও পড়ুন: অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা

অন্যদিকে, অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা, যা আগের দামের তুলনায় ২ পয়সা বেশি।

উল্লেখ্য, এপ্রিল মাসেও দুই দফায় অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৭৯ টাকা ৭৭ পয়সা। পরে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বৃদ্ধি করে তা ৮৯ টাকা ৫০ পয়সায় নির্ধারণ করা হয়।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, ডলার বিনিময় হার এবং আমদানি ব্যয়ের ওপর ভিত্তি করে নিয়মিতভাবে এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়ে থাকে।