আইসিটি আইনে নির্যাতিত খাদিজাতুল কুবরাকে পদ দিলো ছাত্রদল

Sanchoy Biswas
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৮ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের সময়কালে ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে।

আরও পড়ুন: জবি ইউট্যাবের নতুন সভাপতি নাসির উদ্দিন, সম্পাদক নাছির আহমাদ

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

খাদিজা জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ২০২০ সালের অক্টোবর মাসে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউ মার্কেট থানায় দুটি মামলা করা হয়।

আরও পড়ুন: পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ।