বিশ্বকাপ উন্মাদনায় এক কাতারে অপু বিশ্বাস-বুবলী, দুজনেরই পছন্দ ব্রাজিল
ব্যক্তিগত জীবন কিংবা ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে নানা সময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে এবার কোনো বিতর্ক নয়, ফুটবল বিশ্বকাপের আবহে এক জায়গায় মিলেছে এই দুই তারকার পছন্দ—ব্রাজিল।
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যেমন ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তেমনি বাংলাদেশেও শুরু হয়েছে প্রিয় দলকে নিয়ে আলোচনা। শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের সমর্থনের কথা প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে। এরই মধ্যে আলোচনায় এসেছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক। ব্রাজিলের খেলার নান্দনিকতা তাকে বরাবরই মুগ্ধ করে বলে মন্তব্য করেন তিনি।
অপু বলেন, “আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।”
আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!
তবে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যক্তিত্বের প্রশংসা করেছেন এই অভিনেত্রী। তার মতে, ব্রাজিলের প্রতি ভালোবাসা থাকলেও মেসির প্রতি শ্রদ্ধা রয়েছে।
অন্যদিকে, শবনম বুবলীও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সির একটি পোস্টারের সঙ্গে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।”
এ সময় ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেন তিনি। পাশাপাশি ব্রাজিলের কয়েকজন কিংবদন্তি ফুটবলারের নাম উল্লেখ করে নিজের সমর্থনের কথা জানান।
সাধারণত ব্যক্তিগত নানা কারণে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ভিন্ন মেরুতে দেখা গেলেও ফুটবল বিশ্বকাপের আবহে ব্রাজিলের প্রতি ভালোবাসা তাদের একই কাতারে এনে দাঁড় করিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।
তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের সমর্থক হলেও ঢালিউডের মেগাস্টার শাকিব খান কোন দলের সমর্থক, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।





