নতুন জীবনের শুরু আমির খানের!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২২ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান আজ (৫ জুলাই) তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন। তার দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাট-এর সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানটি সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। এতে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১৫০ জন। অনুষ্ঠানে অংশ নিতে আমির খানের কয়েকজন আত্মীয় বিদেশ থেকেও মুম্বাইয়ে এসেছেন।

আরও পড়ুন: নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাবার বিশেষ এই দিনে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে অংশ নেবে। পরিবারের পক্ষ থেকে শিশুটিকে সাধারণত প্রচারের আলো থেকে দূরে রাখা হয়।

জানা গেছে, আমির খান ও গৌরী স্প্র্যাট প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। তবে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় প্রায় দুই বছর আগে। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া ছেলে আজাদ রাও খান-এর সহ-অভিভাবক হিসেবে তারা এখনো যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

কে এই গৌরী স্প্র্যাট?

গৌরী স্প্র্যাটের আদি বাড়ি ভারতের ব্যাঙ্গালুরুতে। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে মুম্বাইয়ে 'বিব্লান্ট' নামে একটি সেলুন পরিচালনা করছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্কের পরিণতি হিসেবে আজ নতুন জীবনের সূচনা করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট।