নিজের ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান
বয়সকে যেন হার মানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। তবে সেই ফিটনেসের রহস্য কঠোর জিম বা কঠিন ডায়েট নয়; বরং নিজের বাগানে সবজি চাষ এবং নিয়মিত কায়িক পরিশ্রম।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান জানান, নিয়মিত জিম করার প্রতি তাঁর খুব একটা আগ্রহ নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের প্রয়োজন হলে কয়েক মাস আগে পিলাটিজ বা শরীরচর্চা করলেও, প্রতিদিনের ফিটনেস ধরে রাখতে তিনি বেশি ভরসা করেন শারীরিক শ্রমের ওপর।
আরও পড়ুন: হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
অভিনেত্রীর ভাষ্য, নিজের বাড়ির বাগানে মাটি প্রস্তুত করা, গাছ লাগানো কিংবা প্রয়োজন হলে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও তিনি নিজেই করেন। এই ধরনের দৈনন্দিন কায়িক পরিশ্রমই তাঁকে কর্মক্ষম ও সুস্থ থাকতে সাহায্য করে।
জয়া বলেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’
আরও পড়ুন: নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন পরীমণি
খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। নিজের বাগানে উৎপাদিত রাসায়নিকমুক্ত শাকসবজি দিয়ে রান্না করা খাবারই তাঁর দৈনন্দিন খাদ্যতালিকায় বেশি থাকে। তবে মাঝেমধ্যে পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন না।
জয়ার মতে, সুস্থ থাকতে অতিরিক্ত বিধিনিষেধের চেয়ে ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং মাঝে মাঝে পছন্দের খাবার উপভোগ করাও গুরুত্বপূর্ণ।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাগান করা বা মাটির কাজ করা একটি কার্যকর শারীরিক ব্যায়াম। এতে ক্যালোরি ক্ষয়ের পাশাপাশি পেশি শক্তিশালী হয় এবং শরীরের সহনশীলতা বাড়ে। খোলা পরিবেশে কাজ করার ফলে শরীরে ভিটামিন ডি তৈরিতেও সহায়তা করে। পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখে।





