বর্ণিতার ভেতর বড় সম্ভাবনার আলো দেখছেন তৌসিফ মাহবুব

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৬ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র দৃশ্যধারণ সম্প্রতি সম্পন্ন হয়েছে কক্সবাজারে। ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তির অপেক্ষায় থাকা এই প্রজেক্টটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং ‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতা। নিজেদের প্রথম কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে একে অপরের প্রতি ভাসলেন প্রশংসার সাগরে। 

ক্যারিয়ারের শুরুতেই তৌসিফের মতো অভিজ্ঞ অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত নবাগতা বর্ণিতা। কক্সবাজারের বৈরি আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রথম কাজের অভিজ্ঞতাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর ২৩১ কোটি রুপি হিট

শুটিংয়ের ফাঁকে অভিজ্ঞ এই অভিনেতার মানবিকতার এক বিশেষ মুহূর্ত তুলে ধরে বর্ণিতা জানান, এক তীব্র দৃশ্যের শুটিং চলাকালে তাঁর পা কেটে রক্ত বের হতে থাকে। কাজের তাড়াহুড়োয় তিনি বিষয়টি এড়িয়ে গেলেও তৌসিফ তাৎক্ষণিক শুট থামিয়ে হ্যাক্সিসল ও ব্যান্ডেজ এনে নিজের হাতে সেবা নিশ্চিত করেন। এ প্রসঙ্গে বর্ণিতা বলেন, “তৌসিফ ভাইয়া মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন এবং কাইন্ড। কাজের বাইরেও তিনি বন্ধুর মতো আমার ভুলভ্রান্তি ধরিয়ে দিয়েছেন। প্রথম কাজেই তার মতো একজন বড় মনের মানুষকে পাশে পাওয়া আমার জন্য ভাগ্য।”

অন্যদিকে, বর্ণিতার এই ভূয়সী প্রশংসায় সম্মানিত বোধ করলেও নবীন এই সহশিল্পীর অভিনয় দক্ষতার কদর করতে ভুলেননি তৌসিফ মাহবুব। বর্ণিতার মধ্যে তারকা হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখছেন জানিয়ে তিনি বলেন, “বর্ণিতা নতুন হলেও অপ্রয়োজনীয় কিছু করার চেষ্টা করেনি। খুব মনোযোগ দিয়ে নির্দেশনা বুঝে নিজেকে মানিয়ে নিয়েছে। সবচেয়ে বড় বিষয়

আরও পড়ুন: হংকংয়ের রাজপথে মেহজাবীন-রাজীব

ওর একটি চমৎকার ‘স্ক্রিন প্রেজেন্স’ আছে—যেটি ক্যামেরার সামনে একদম ভেতর থেকে আসে, কাউকে শেখানো যায় না।”

তৌসিফের বিশ্বাস, ‘ক্যাফে আমব্রেলা’ মুক্তির পর দর্শকেরা বর্ণিতাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন এবং এই ফিল্মটি ইন্ডাস্ট্রিতে তার শক্ত অবস্থানের প্রথম ধাপ হতে যাচ্ছে।