হংকংয়ের রাস্তায় মেহজাবীন-আদনান, যেন ‘ইন দ্য মুড ফর লাভ’-এর দৃশ্য

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাজপথ। চারপাশে চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড। এর মাঝেই হাত ধরে হেঁটে চলেছেন এক যুগল। দৃশ্যটি দেখে মনে হতে পারে, নব্বইয়ের দশকের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওং কার-ওয়াইয়ের কোনো রোম্যান্টিক সিনেমার দৃশ্য যেন পর্দা ছেড়ে বাস্তবে এসে ধরা দিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের শেয়ার করা একগুচ্ছ ছবিতে উঠে এসেছে এমনই এক আবহ।

কাজের ব্যস্ততার ফাঁকে ঘুরতে ভালোবাসেন এই তারকা দম্পতি। এবার হংকং সফরে গিয়ে শহরের নান্দনিকতা ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিজেদের ভিন্ন এক সাজে উপস্থাপন করেছেন তাঁরা।

আরও পড়ুন: মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর ২৩১ কোটি রুপি হিট

ছবিতে মেহজাবীনকে দেখা গেছে ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’-এ। নান্দনিক কারুকাজ করা ফিটেড পোশাকটিতে অভিনেত্রীর লুক পেয়েছে ভিন্ন মাত্রা। হংকংয়ের পুরোনো দিনের সিনেমার নায়িকার আবহও যেন ফুটে উঠেছে তাঁর সাজে।

অন্যদিকে আদনান আল রাজীবের পোশাকেও ছিল রেট্রো ছোঁয়া। সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার এবং কাঁধে ঝোলানো কোটে তাঁকে দেখা গেছে ষাটের দশকের আদলে।

আরও পড়ুন: হংকংয়ের রাজপথে মেহজাবীন-রাজীব

হংকংয়ের ঐতিহাসিক নাইট লাইফ, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, কাচের রেট্রো টেলিফোন বুথ ও চায়নিজ ডাইনিংয়ের আবহে ছবিগুলো ধারণ করা হয়েছে। কখনো নিয়ন আলোর নিচে একে অপরের দিকে তাকিয়ে থাকা, আবার কখনো পাশাপাশি হেঁটে চলার দৃশ্য—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে সিনেমাটিক আবহ।

মেহজাবীন নিজেই তাঁর ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেছেন। ক্যাপশনে ওং কার-ওয়াইয়ের বিখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড।’

পোস্টের সঙ্গে ‘ইন দ্য মুড ফর লাভ’ সিনেমার জনপ্রিয় ‘ইয়ুমেজি’স থিম’ সংগীতও যুক্ত করেছেন অভিনেত্রী। হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন মেহজাবীন ও আদনান।

ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের বড় একটি অংশ এই তারকা দম্পতির নতুন লুকের প্রশংসা করেছেন। বিশেষ করে ওং কার-ওয়াইয়ের সিনেমার আবহ ও বাস্তব জীবনের এই ফটোশুটের মিল অনেকের নজর কেড়েছে।