স্পর্শিয়া এবার লালপরী!

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোটপর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরলেও এবার যেন একটু ভিন্ন আবহে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। তার নতুন নাটক ‘লালপরী’র পোস্টার প্রকাশের পর থেকেই স্পর্শিয়ার চরিত্র নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরীর মতো আবহ, রহস্যময় পোস্টার আর অভিনেত্রীর একটি প্রশ্ন—সব মিলিয়ে নাটকটি ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘লালপরী’র ফাস্টলুক। পোস্টারে স্পর্শিয়ার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি তার রহস্যময় ক্যাপশনও বাড়িয়ে দিয়েছে জল্পনা। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ 

আরও পড়ুন: বিফ খাওয়ার কথা বলে তীব্র ট্রোলিং ও কটাক্ষের মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

স্পর্শিয়ার এমন প্রশ্নের পর থেকেই ‘লালপরী’র গল্প নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বাস্তব জীবনে কোনো ‘পরী’র গল্প, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রহস্য—এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটকটিতে অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন তারা। ফাস্টলুক প্রকাশের পর স্পর্শিয়ার নতুন লুক ও নাটকের রহস্যময় আবহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

আরও পড়ুন: শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা

তবে ‘লালপরী’ নিয়ে একটি বিষয় স্পষ্ট করেছেন অর্চিতা স্পর্শিয়া। এটি কোনো সিনেমা কিংবা ওয়েব ফিল্ম নয়, বরং একটি নাটক। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। এই নাটকে আমার বিপরীতে সহশিল্পী হিসেবে কাজ করেছেন রেহান।”

নাটকটির গল্প নিয়ে অবশ্য এখনই মুখ খুলতে রাজি নন স্পর্শিয়া। তার ভাষ্য, ফাস্টলুক মাত্র প্রকাশ পেয়েছে। তাই গল্পের মূল চমক দর্শকদের সামনে এখনই তুলে ধরতে চান না তিনি।

এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্টলুক’ প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।”

প্রযোজনা কর্তৃপক্ষও জানিয়েছে, ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ট্রেলার প্রকাশ পর্যন্ত। ফলে ‘পরী’ কি সত্যিই বাস্তবের কোনো চরিত্র, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো গল্প—সেই উত্তর পেতে এখন অপেক্ষা ‘লালপরী’র ট্রেলারের।