ভারতে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জন্য এলো বড় স্বীকৃতি। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ জিতে নিয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে বাংলাদেশের নির্মাতা মকবুল চৌধুরীর প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রোববার সন্ধ্যায় সমাপনী আয়োজনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে এবং ঘোষণা করা হয় বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম।

আরও পড়ুন: একক কনসার্টে ফের বাপ্পা মজুমদার

‘জয়া আর শারমিন’ ছবির প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের জন্য উৎসবের আয়োজক, চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, এই সম্মাননা ছবির শিল্পী ও কলাকুশলীদের জন্য যেমন আনন্দের, তেমনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও এটি উৎসাহব্যঞ্জক একটি অর্জন।

ছয় দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ১১টি দেশের মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছিল ১৯টি ছবি। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তান।

আরও পড়ুন: গুঞ্জনের মুখোমুখি বিজয়-তৃষা!

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু। তাঁদের রায়ে দ্বিতীয় সেরা চলচ্চিত্রের ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার সিনেমা ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত এই ছবিটি এ পুরস্কার অর্জন করে। একই বিভাগে ‘জুরি মেনশন’ পেয়েছে শ্রীলঙ্কার নির্মাতা নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চির ‘প্যানট্রাম’।

প্রামাণ্যচিত্র বিভাগেও ছিল পুরস্কারের প্রতিযোগিতা। এ বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ গেছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’ ছবির ঝুলিতে।

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’। দ্বিতীয় সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ইরানি নির্মাতা মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহর ‘সাডেনলি রাইজ’।

করোনাভাইরাস মহামারির সময়কার লকডাউনকে পটভূমি করে নির্মিত হয়েছে ‘জয়া আর শারমিন’। ৮৬ মিনিটের বাংলা ভাষার এই মনস্তাত্ত্বিক সিনেমার গল্প আবর্তিত হয়েছে অভিনেত্রী জয়া ও তাঁর গৃহকর্মী শারমিনকে ঘিরে। একই বাড়িতে দীর্ঘ সময় আটকে থাকার ফলে দুই নারীর সম্পর্ক কীভাবে বদলে যায়, সেই পরিবর্তনের মধ্য দিয়ে উঠে এসেছে নিঃসঙ্গতা, মানসিক নির্ভরতা, শ্রেণিবৈষম্য ও ক্ষমতার টানাপোড়েন।

সিনেমাটিতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শারমিন চরিত্রে দেখা গেছে মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তারকে। গল্প রাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন, সি-তে সিনেমার জয়া আহসান এবং অ্যাপলবক্স ফিল্মসের পিপলু আর খান যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন।

কলকাতার এই আন্তর্জাতিক উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বীকৃতি পাওয়ায় ‘জয়া আর শারমিন’ নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’-এর জুরি মেনশনও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নির্মাতাদের কাজের উপস্থিতিকে আরও দৃশ্যমান করেছে।