‘স্টার নাইট’-এ মামুনুর রশীদ জানাবেন জীবনের অজানা গল্প

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকের অন্যতম গুণী ব্যক্তিত্ব মামুনুর রশীদ। ছাত্রজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত এই শিল্পী স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নাট্যচর্চার পাশাপাশি অভিনয়, রচনা ও নির্দেশনায় দীর্ঘদিন ধরে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন তিনি।

মামুনুর রশীদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আরণ্যক নাট্যদল। অসংখ্য টেলিভিশন নাটক রচনা ও পরিচালনার পাশাপাশি অভিনয়েও দর্শকদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। শুধু শিল্পী হিসেবেই নয়, মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এই গুণী ব্যক্তিত্ব।

আরও পড়ুন: নতুন ইতিহাসের হাতছানি টেলর সুইফটের

নাট্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকসহ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন, সংগ্রাম ও অভিজ্ঞতার মধ্য দিয়ে পথ চলেছেন মামুনুর রশীদ। তার জীবনের এমন অনেক গল্প রয়েছে, যা হয়তো দর্শকদের অনেকেরই অজানা।

এবার সেই অজানা গল্পই শোনাবেন মামুনুর রশীদ। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিনোদনমূলক অনুষ্ঠান ‘স্টার নাইট’-এর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের দীর্ঘ কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। অনুষ্ঠানে তার সহশিল্পী, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরাও মামুনুর রশীদকে নিয়ে নিজেদের স্মৃতি ও অনুভূতির কথা জানিয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ থাকছেন যারা

ফলে অনুষ্ঠানটিতে শুধু তার শিল্পী জীবনের গল্পই নয়, উঠে আসবে কাছের মানুষদের চোখে মামুনুর রশীদের নানা দিকও।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের উপস্থাপনায় ‘স্টার নাইট’-এর বিশেষ এই পর্বটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।