প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে একাধিক ত্রুটি, তদন্তে যা মিলল
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছিল। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে এসব ত্রুটির তথ্য পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় উড়োজাহাজটির অতীতের যান্ত্রিক সমস্যা, রক্ষণাবেক্ষণ এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
আরও পড়ুন: প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। পরে প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।
ঘটনার পরদিন ৩০ অক্টোবর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ শনাক্ত, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।
তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে পাঁচ ধরনের যান্ত্রিক ত্রুটির তথ্য পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ ব্যবস্থা, পিটট হিটিং ব্যবস্থা এবং উড়োজাহাজের ডান ও বাম পাশের র্যাম এয়ার ফ্যান ব্যবস্থা।
বিমানের একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার ওপরে-নিচে কাজ না করার বিষয়টি সেন্সর ও উড়োজাহাজের কারিগরি সমস্যার সঙ্গে সম্পর্কিত। যেকোনো ফ্লাইটের ক্ষেত্রেই সবার আগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের সবকিছু আগে থেকেই পরীক্ষিত থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, তদন্তকারীরা যদি কোনো ত্রুটি বা অবহেলার প্রমাণ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।





