সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮টি বিস্ফোরক, ১০০ ডেটোনেটর উদ্ধার
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধীন সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৩১৭ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা
বিজিবি জানায়, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের উৎস ও মালিকানা শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।





