প্রকাশ পেল ‘প্রেমের সমাধি ২.০’
তিন দশক আগে শ্রোতাদের মুখে মুখে ফিরেছিল এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘প্রেমের সমাধি’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার টাইটেল গানটি সময়ের সঙ্গে জনপ্রিয়তার আলাদা জায়গা তৈরি করে নেয়। সম্প্রতি সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হলে গানটিও আবার আলোচনায় আসে।
আরও পড়ুন: ‘অকালে চলে গেলেন আমার হিরো অভিনেতা’: নানা পাটেকরকে শাহরুখ খান
আরও পড়ুন: কোটি টাকার মালিক হয়েও সাধাসিধে জীবনযাপন ছিল নানা পাটেকরের
এবার সেই জনপ্রিয় গানটিই নতুন প্রজন্মের জন্য নতুন সংগীতায়োজনে হাজির করা হয়েছে। মূল গানের কোরাস ঠিক রেখে তৈরি করা হয়েছে নতুন গান ‘প্রেমের সমাধি ২.০’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ গানটি প্রকাশ করা হয়।
নতুন গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে তার সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। আর পুরো ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
‘প্রেমের সমাধি ২.০’-এর ভিডিওতে ইমরান মাহমুদুলকেও দেখা গেছে।
উল্লেখ্য যে, ১৯৯৬ সালের মূল গানটির কথা লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটির গানটির দৃশ্যে অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ। এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’—গানের এই পঙ্ক্তিগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো এই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের কাছে নতুন সংগীত ও ভিজ্যুয়াল উপস্থাপনায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘প্রেমের সমাধি ২.০’ তৈরি করা হয়েছে।





