ইরান–ইসরায়েল উত্তেজনা

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪৬ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর নাগরিকদের উদ্দেশে বলেছে, “যতক্ষণ বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, ততক্ষণ সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।”

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান নিহত, ৩শতাধিক আহত

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করে বলেছেন, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। দূতাবাসের কর্মীদের পাঠানো এক ইমেইলে তিনি উল্লেখ করেন, যে কোনো দেশের বিমানের টিকিট পাওয়া গেলে তা কেটে ইসরায়েল ত্যাগের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার শর্ত দিয়েছে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, সম্ভাব্য নতুন চুক্তি হলে সেটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবে অনড় রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান