পশ্চিমবঙ্গ ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, সরকার গঠনের সম্ভাবনা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। প্রাথমিক ফলাফলের প্রবণতায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত পাওয়া ভোট গণনার প্রবণতা অনুযায়ী, বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৯টি আসনে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি
এই ফলাফলের ধারা অব্যাহত থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে এগোতে পারে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে ভারতের নির্বাচন কমিশন। ফলে আজ মোট ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।
আরও পড়ুন: আটলান্টিকে প্রমোদতরীতে হান্টাভাইরাস আতঙ্ক, ৩ জনের মৃত্যু
রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের এই প্রাথমিক প্রবণতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।





