আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্পের পরপরই দক্ষিণ আলাসকা ও আলাস্কা উপদ্বীপের বিস্তৃত এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণে এবং গভীরতা ছিল ২০.১ কিলোমিটার—যা তুলনামূলকভাবে অগভীর হিসেবে ধরা হয়।
আরও পড়ুন: তেল আবিবে ইরানের শক্তিশালী হামলা: পাল্টা অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট ইসরায়েলের
ভূমিকম্পের পর আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়, সুনামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং কিছু এলাকায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহরের ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে শুরু করে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সতর্কতা কার্যকর থাকবে। তবে আলাস্কার বাইরের অঞ্চলে এখনো সুনামির জন্য কোনো সরাসরি সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: বারাণসীতে গঙ্গায় ইফতার বিতর্ক: মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
উল্লেখ্য, আলাসকা ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলের অংশ, যা ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিস্ফোরণের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এর আগে ১৯৬৪ সালে আলাসকায় ৯.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে পরিচিত। ওই ভূমিকম্পে ২৫০ জনের বেশি প্রাণ হারান এবং অ্যানকোরেজ শহরের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।
সাম্প্রতিক সময়ের মধ্যে ২০২৩ সালের জুলাই মাসেও আলাস্কার উপদ্বীপে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। যদিও তখন তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এবার সুনামির আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে





