নেপালে অস্থিরতা

সেনাপ্রধানের শান্ত থাকার আহ্বান, দেশ ছাড়তে পারেন সাবেক প্রধানমন্ত্রী ওলি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:২৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও অস্থির রয়েছে নেপালের রাজপথ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। এরপরও পার্লামেন্ট ভবন, মন্ত্রীদের বাসভবন ও রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে বলেন,

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

“প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ গৃহীত হয়েছে। তাই সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়াতে সকল পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে হবে।”

অস্থির পরিস্থিতির কারণে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদত্যাগের আগে সেনাপ্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ করেছিলেন ওলি। তবে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, কেবল পদত্যাগের পরই তিনি দায়িত্ব নেবেন। পরবর্তীতে দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চান ওলি।

নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতোমধ্যে হিমালয়া এয়ারলাইন্সের একটি বিমান তার যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট