গাজায় ৪৫ ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল।
রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ ৩১ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি সেনারা জানিয়েছে, রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন আহত হয়। ওই সময় ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে, যাতে আরও দুই ইসরায়েলি সেনা প্রাণ হারায়।
তবে হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল বরাবরের মতোই মিথ্যা অজুহাতে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে।
আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের
রোববার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং গাজায় সিরিজ হামলার পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে, যা হামাস ভঙ্গ করেছিল।
এর আগে গত সোমবারও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, কিন্তু সেই চুক্তির পরও প্রায় প্রতিদিনই গাজার বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল।
এতে করে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
রোববার ইসরায়েল সরকার ঘোষণা দিয়েছিল, গাজায় মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ বন্ধ করা হবে। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল





