রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

Sadek Ali
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ২:১৬ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিক প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাংবাদিক সমাজে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার পথে এ ধরনের হুমকি শুধু একজন ব্যক্তির জন্য নয়, বরং স্বাধীন গণমাধ্যমের জন্যও অশনিসংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুদা (৪৬) রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। স্থানীয় নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি এ ধরনের হুমকির মুখে পড়েছেন বলে জানা গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ (সোমবার) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নারসিংগল এলাকায় মোটরসাইকেলে এসে মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত দুই সন্ত্রাসী তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর আগে, গত ১৩ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় একই কায়দায় আরও চারজন অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে।

সাংবাদিক নাজমুল হুদা জানান, দীর্ঘদিন ধরে তিনি রূপগঞ্জ এলাকায় চলমান নানা অপরাধমূলক কর্মকাণ্ড বিশেষ করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছেন। তার প্রকাশিত এসব প্রতিবেদন স্থানীয় একটি প্রভাবশালী চক্রের স্বার্থে আঘাত হানায় তারা ক্ষুব্ধ হয়ে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

আরও পড়ুন: হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার ওএসডি

তিনি আরও জানান,সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে গত ১৬ মার্চ রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

আরও পড়ুন: আইজিপির বাড়িতেই চুরি: নিরাপত্তার ‘দুর্গে’ নিঃশব্দে ঢুকে তামার তার উধাও

সাংবাদিকের ওপর এ ধরনের হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচল সাংবাদিক কার্যালয় এবং পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন বাংলাবাজার পত্রিকাকে বলেন,সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে সত্য প্রকাশের দায় কি তবে আজ জীবননাশের ঝুঁকি নিয়ে বহন করতে হবে? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে মনে করছেন সচেতন মহল।