ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৩ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা ‘উদ্বেগজনক’ বলে বিবেচনা করছে ভারত। এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এই বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, খবর এনডিটিভি।

জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এসবের নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে, এ প্রত্যাশা করছি।”

আরও পড়ুন: ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের ক্ষোভ, হরমুজ প্রণালি ইস্যুতে কড়া হুঁশিয়ারি

তবে, গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং ভিসা সেন্টারকে কেন্দ্র করে যে বিক্ষোভ ও সহিংসতা হয়েছে, তার বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এদিকে, বাংলাদেশ সরকার রাজবাড়ীর পাংশায় বুধবার রাতে সংঘটিত ‘দুঃখজনক’ হত্যাকাণ্ডকে কোনও সাম্প্রদায়িক হামলা হিসেবে চিহ্নিত করেনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত ছিলেন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে ২০২৩ সালে রুজুকৃত হত্যা ও চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন।

আরও পড়ুন: আমিরাতে ঈদের নামাজ এবার কেবল মসজিদে, উন্মুক্ত স্থানে জামাত নয়

সম্প্রতি ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিজেপি ও কট্টরপন্থি কিছু সংগঠন বিক্ষোভ ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশি মিশনগুলোতে ভারত সরকারের নিরাপত্তা জোরদারের পর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তেও কয়েকজন রাজ্য-পর্যায়ের বিজেপি নেতা ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন। তবে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি মন্তব্য থেকে বিরত রয়েছে।