থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও গণভোট আজ
পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে সংবিধান সংশোধন নিয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটিতে ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।
থাইল্যান্ডে নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২৩ সালে। তখন নির্বাচিত সংসদ সদস্যদের চার বছর মেয়াদ থাকার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে চার বছর পূর্ণ হওয়ার আগেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ইরানের সামনে ট্রাম্পের কঠিন পাঁচ শর্ত, না মানলেই হামলা
যে কারণে আগাম নির্বাচন
২০২৫ সালের মে মাসে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই সময় সীমান্তে কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হন।
আরও পড়ুন: আজ থেকে হজ ভিসা ইস্যু শুরু
পরের মাস জুনে উত্তেজনা নিরসনে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন থাই প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা। ওই ফোনালাপে তিনি হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন বলে অভিযোগ ওঠে। পরে সেই ফোনালাপ ফাঁস হলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
ফোনালাপ ফাঁস হওয়ার পর সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির সবচেয়ে বড় শরিক দল ভূমজাইথাই পার্টি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এতে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং অল্প ব্যবধানে সরকার টিকে থাকে।
পরিস্থিতির মধ্যে ২০২৫ সালের আগস্টে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায়ে জানায়, প্রধানমন্ত্রী নৈতিকতা ভঙ্গ করেছেন। ফলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়।
এরপর সেপ্টেম্বরে সংসদের দ্বিতীয় বৃহত্তম দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল ‘প্রোগ্রেসিভ পিপলস পার্টির’ সঙ্গে জোট গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে তাকে শর্ত দেওয়া হয় সংসদ ভেঙে আগাম নির্বাচন দিতে হবে।
পরে ২০২৫ সালের ডিসেম্বরে সেই শর্ত অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া হয়। এতে নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হয়।





