ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫৫ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। 

শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ওই ভয়াবহ হামলার পর উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা এখনো ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত, কয়েক ডজন আহত

সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ মিনাবের এই ‘শাজাবা তাইয়্যেবা’ স্কুলটি একটি ইরানি সামরিক ঘাঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটি এক সময় সামরিক ঘাঁটির অংশ থাকলেও ২০১৬ সাল থেকে এটি আলাদাভাবে পরিচালনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে স্কুলটির ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল বলে জানা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

আরও পড়ুন: মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

এই হামলার ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।