বিশ্লেষকের সতর্কবার্তা
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছুঁতে পারে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের জেরে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টন–এর এই লেকচারার আল জাজিরা–কে বলেন, যদি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে এক পর্যায়ে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে।
আরও পড়ুন: রাশিয়ার চার যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার দাবি, ক্ষয়ক্ষতির তথ্য
তিনি বলেন, মার্কিন নৌবাহিনী এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী ট্যাংকারগুলোকে কার্যকরভাবে নিরাপত্তা দিতে না পারলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
হির্স আরও জানান, এরই মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজারে বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে। হামলার প্রথম দিনেই এলএনজির দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি গত সোম ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: আব্বাস আরাঘচি
ডিজেলের দামও অস্বাভাবিক হারে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসনির্ভর দেশগুলো এখন দ্রুত পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে। এর প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের ভবিষ্যৎ জ্বালানি অর্ডারেও।
এড হির্স সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এই সংকটের বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়বে, যা ডোনাল্ড ট্রাম্প–এর জন্য বিশেষভাবে অস্বস্তিকর হয়ে উঠতে পারে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।





