ইরানে যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা, শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত
ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌবাহিনীর স্থাপনায় হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বি–২ স্টিলথ বোম্বার ব্যবহার করে ইরানের ভেতরে লুকিয়ে রাখা ব্যালিস্টিক মিসাইলের মজুতস্থলগুলোতে কয়েক ডজন ২ হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক সূত্র।
খবরে বলা হয়েছে, গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিভিন্ন সামরিক স্থাপনা।
আরও পড়ুন: ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, উত্তেজনা বৃদ্ধি
মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নৌ অভিযানও জোরদার করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ২৪টি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও বর্তমানে সেই সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।
মার্কিন দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ এবং ড্রোন হামলা ৮৩ শতাংশ কমে এসেছে।
আরও পড়ুন: দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৫০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫ জন স্কুলছাত্রীও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি





