নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামি নূরাসহ আরও ২ জন গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে আলোচিত কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল

ওইদিন রাতেই বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা এবং হযরত আলীকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার বাবার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরী আমেনা বেগমকে (১৫) সংঘবদ্ধ  ধর্ষণ করে হত্যা করেন গ্রেফতারকৃতরা। পরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের কোতালিচর দড়িকান্দা গ্রামের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে বৃহস্পতিবার রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: নান্দাইলের বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, ১৫ দিন আগে বাসায় ফেরার পথে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিচারের আশায় তারা যান স্থানীয় ইউপি সদস্য আহম্মদ আলী দেওয়ানের কাছে। কিন্তু বিচার তো মেলেনি উল্টো এলাকা ছেড়ে যেতে বলা হয় তাদের।

ইউপি সদস্যের কাছে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মেয়েকে নিরাপদে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। কিন্তু বিলপাড় এলাকায় তাকে অপহরণ করে নিয়ে যায় নূরার নেতৃত্বে ছয়জন। পরদিন বৃহস্পতিবার সকালে একই এলাকার সরিষা খেতে কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মূল আসামী নূরা সহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এদিকে, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে বিএনপির নেতা আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছেন সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।