ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:১৩ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোমায় চিকিৎসাধীন আছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টাইমস।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কোম শহরের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার জ্ঞান না থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।

আরও পড়ুন: ইরানে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়ন উপসাগরীয় কয়েকটি আরব দেশের কাছে পাঠানো হয়েছে। ওই গোয়েন্দা নথির ভিত্তিতেই এই তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস। এতে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন তার বাবা, সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর এক মাসের বেশি সময় পার হলেও এখনো দাফন সম্পন্ন হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে পরমাণু হামলার শঙ্কা

এদিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের কাছে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজে টোল আদায়ের অধিকার, দেশ পুনর্গঠনে সহায়তা এবং লেবাননের হিজবুল্লাহ-এর ওপর হামলা বন্ধের মতো কয়েকটি শর্ত তুলে ধরা হয়েছে।