ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের জনগণের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: আগরতলায় ভারত–বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির লাখ লাখ মুসলমান উৎসবটি আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন।
নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম
চিঠিতে তিনি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে।
ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা বাড়াতে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, দুই দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তা মূলত দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যেই পরিচালিত।
চিঠির শেষাংশে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।





