শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১:২৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে আলোচনার আর কোনো অর্থ নেই।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এবার শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন মমতা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কোনোভাবেই আপসযোগ্য নয়। সরকার যদি এতে রাজি না হয়, তাহলে পরবর্তী আলোচনার কোনো প্রয়োজন নেই।”

এর আগে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তৃতীয় দফা বৈঠক শনিবার (২৫ জুলাই) বিকেলে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি আরবের ব্যাপক হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

সিজেপি সরকারের কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে। এগুলো হলো— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

শুক্রবারের বৈঠকে সরকার নীতিগতভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক শেষে জে পি নাড্ডা বলেন, প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। আন্দোলনকারীরা তিনটি মূল দাবি ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারে পাঁচটি প্রস্তাব দিয়েছেন। এসব বিষয়ে সরকারের অভ্যন্তরীণ আলোচনা শেষে শনিবার তাদের জানানো হবে।

তবে সরকারি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকারের মতে, পদত্যাগ সবচেয়ে সহজ সিদ্ধান্ত হলেও তারা মন্ত্রীর পাশে রয়েছে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন করবে।

এদিকে প্রশ্নফাঁস রোধে গত দুই দিনে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রশ্নফাঁসবিরোধী আইনে আরও কঠোর শাস্তি ও জরিমানার বিধান যুক্ত করার পরিকল্পনাও করা হচ্ছে।

এছাড়া শিক্ষা সচিবকে বদলি করা হয়েছে এবং জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটিকে পুরোপুরি পুনর্গঠনেরও আশ্বাস দিয়েছে সরকার।

তবে এসব পদক্ষেপকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, প্রশ্নফাঁস ও এর জেরে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় চূড়ান্ত দায় শিক্ষামন্ত্রীর। তাই তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।