ইরাকে যৌথ হামলা চালাল সৌদি আরব ও যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (২৯ জুলাই) সকালে ‘ইরান সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সঙ্গে সমন্বয় করে ভোরে এ হামলা পরিচালনা করা হয়।

আরও পড়ুন: মার্কিন সেনাদের লক্ষ্য করে বিপ্লবী গার্ডের ‘সারপ্রাইজ অ্যাটাক’

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদ অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার চেষ্টা চালায়। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

সৌদি আরব জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না। তবে দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। এর কয়েকদিন আগে তিনি সৌদি আরবে ড্রোন হামলার ঘটনার তদন্তে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দেন।

ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরাকের ভূখণ্ড কোনো বন্ধুপ্রতিম বা প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার পথ কিংবা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

অন্যদিকে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এসব হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। তারা সৌদি আরবের অভিযোগকে ‘মনগড়া’ বলে দাবি করেছে এবং সতর্ক করে বলেছে, সৌদি আরবের যেকোনো ‘বোকামিপূর্ণ পদক্ষেপের’ কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা