সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:০৭ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের দুটি বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ও বুধবার সৌদির দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এসব হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৮

জাকার তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ মোট আটজন আহত হয়েছেন।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

জাকা জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় রিয়াদে হামলায় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য স্থাপনার চারপাশে চলতি সপ্তাহে নতুন করে খাঁচার মতো সুরক্ষা বেড়া বসানো হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া সন্দেহভাজন একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর একদিন পর ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা যায়।

এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সৌদি-সমর্থিত বাহিনী এবং ইরানঘনিষ্ঠ হুথি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির উভয় পাশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিরা বুধবার ভোরে এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। সেখানে মার্কিন নাগরিকদের আরও সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।